রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়।
প্রাথমিকভাবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসামে। সেখানে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প কেঁপে ওঠে ঘরবাড়ি। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশেও। এরই মধ্যে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানাচ্ছে সবাই।
এ দিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে তাৎক্ষণিকভাবে তা নির্ণয় করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।